সোনারগাঁ সংবাদদাতা
সাপ্তাহিক ছুটির দিন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ ও লোকশিল্প যাদুঘরে ছিল বিনোদনপ্রেমী দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ঢাকাসহ এর আশপাশের এলাকা থেকে এবার বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে।দর্শনার্থীদের মধ্যে পরিবার পরিজন ও শিশুদের সংখ্যাই বেশি। ছুটির দিনে বিনোদনের খোঁজে সোনারগাঁ জাদুঘর ও আশপাশের এলাকার প্রতিটি দর্শনীয় স্থানে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সোনারগাঁ জাদুঘর ও ঐতিহাসিক পানাম নগরী। দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রতœতত্ত¡ কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে পানাম নগরী ও জাদুঘরসহ কয়েকটি বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের চাপে বিনোদন কেন্দ্রের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে গাড়ি ছেড়ে হেঁটে দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রে ছুটছে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সোনারগাঁ জাদুঘর, পানাম নগরী, বাংলার তাজমহল ও জ্যোতিবসুর বাড়িতে ঘুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের চিত্র অন্য দিনের তুলনায় এবার অনেক বেশি। জাদুঘরের প্রধান ফটকের সামনে ইছাপাড়া গ্রামের কায়সার বলেন, বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর ভিড়ে প্রতিটি বিনোদন কেন্দ্রের সড়কগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। মানুষের আনন্দের কোনো কমতি ছিল না। তবে সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে নির্মল প্রকৃতির সঙ্গে কিছু সময় আনন্দে কাটিয়ে খুশি আগত দর্শনার্থীরা। এছাড়া দেশি-বিদেশি পর্যটকসহ কয়েক হাজার দর্শনার্থী পানাম নগরীর আদিরূপ উপভোগ করে। এ ব্যাপারে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হুসাইন জানান,শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনের কারণে পর্যটক ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়েছে জাদুঘর প্রাঙ্গণ। যাদুঘরে ঘুরতে আসা সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন জানান, আজকে আমরা ৪০ জনের একটি টিম নিয়ে সারাদিনের জন্য এখানে ঘুরতে এসেছি। এখন পুরো জাদুঘর এলাকা ঘুরে দেখবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।