Logo
HEL [tta_listen_btn]

ইটভাটা, পলিথিন ও শব্দদূষণবিরোধী অভিযান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলায় ইটভাটা, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং শব্দদূষণ রোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী এই অভিযানে মোট ২৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও রাশেদ খানের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালিত হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোনারগাঁয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ও মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালানো হয়। মোগড়াপাড়ার দুটি প্রতিষ্ঠান থেকে ১৩৭ কেজি পলিথিন জব্দ করা হয় এবং দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ প্যাকেজিংকে ১৫,০০০ টাকা জরিমানা করা হলেও অর্থ পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। সেখানে মেসার্স আল্লাহ দান ব্রিক ফিল্ডকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানগুলোতে পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ ও পরিদর্শক হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ইটভাটার দূষণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com