নিজস্ব সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ও সদর উপজেলার বাজারগুলোতে এখন আলু রোপণের ধুম। দিগন্তজুড়ে শ্রমিক আর কৃষকদের কর্মচাঞ্চল্য। কিন্তু গত বছরের ভয়াবহ লোকসানের ক্ষত এখনো শুকায়নি। তার ওপর হল্যান্ড থেকে আমদানি করা আলু সরকার নির্ধারিত মূল্যে বাজারে ছেয়ে গেছে। ফলে স্থানীয় কৃষক ও হিমাগার মালিকরা চরম বিপাকে পড়েছেন।
টঙ্গীবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, কৃষ্টে-সৃষ্টে আমদানি করা হল্যান্ডের আলু সরকার নির্ধারিত ১৫,৫০০ টাকায় (৫০ কেজি বস্তা) বিক্রি হচ্ছে। পুরো বাজার এই আলুতে টইটম্বুর। কিন্তু ক্রেতার সংখ্যা নিতান্তই কম। ব্যবসায়ীরা জানান, বেঁধে দেওয়া দামেই বিক্রি করছেন, তবু ক্রেতা নেই।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার মাঠে মাঠে চলছে আলু বীজ রোপণের উৎসব। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক এসেছেন। হিমাগারগুলোতেও ব্যস্ততার শেষ নেই। কিন্তু গত মৌসুমের লোকসানের কথা মনে পড়লেই কৃষকদের মুখ ম্লান হয়ে যায়। সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামের কৃষক জয়নাল বলেন, গত বার আলু লাগাইয়া সারের দামই ওঠে নাই। জমির লিজ, বীজ, শ্রমিকের খরচ তো আলাদা। এবার গত বারের অর্ধেক জমিতে আলু লাগাইছি।” একই এলাকার আলু চাষী আলমগীর হোসেন বলেন, “হিমাগারে আলু রাখছিলাম, বিক্রি হয় নাই। এখন সরকার লোকাল বীজ আলুর দাম বেঁধেছে ৩৫ টাকা কেজি, অন্য বীজ ৫০-৬০ টাকা। অথচ বিদেশি আমদানি আলুর ৫০ কেজির বস্তা ১৫-২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমরা কোল্ড স্টোরেজের আলু বিক্রি করতে পারি নাই। যে বীজ আলু জমিতে লাগাই, এখন সেই বীজই কিনতে গেলে কয়েক গুণ বেশি দাম দিতে হচ্ছে। গত বার সব লস হয়ে গেছে।” আলু ব্যবসায়ী সোবহান মিয়া জানান, “১৬ লাখ টাকার আলু ৪ লাখ টাকায় বিক্রি করছি। আমাদের চালান সব শেষ।” জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান জানান, “এ বছর মুন্সীগঞ্জে ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করায় গত বছরের তুলনায় আবাদ কিছুটা কমেছে। বিদেশি বীজ আলুতে সিন্ডিকেট করে দাম বাড়ানোর বিষয়ে আমরা তৎপর আছি। বিকল্প হিসেবে বিএডিসির বীজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, পর্যাপ্ত মজুত আছে।” আমদানি আলুর ছড়াছড়ি ও কম দামে বিক্রির কারণে স্থানীয় কৃষক ও হিমাগার মালিকরা এবারও লোকসানের শঙ্কায় দিন গুনছেন। আলু রোপণের মহোৎসব চললেও তাদের মনে শুধু একটাই প্রশ্ন এবারও কি লস গুনতে হবে?
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।