Logo
HEL [tta_listen_btn]

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচিৎপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হানিফা উপজেলার উচিৎপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামের মৃত মোশারফের ছেলে। তিনি উজান গোপান্দিতে অবস্থিত একটি স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এমরান (৪৬) ভৈরবদী গ্রামে ঝালমুড়ি বিক্রি করতে আসেন। এ সময় হানিফাসহ কয়েকজন তার সঙ্গে ঝালমুড়ি বেচাকেনা নিয়ে ঠাট্টা-দুষ্টুমি করলে এমরান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি পেঁয়াজ কাটার ছুরি দিয়ে হানিফার ওপর আঘাত করেন।
ছুরিকাঘাতে হানিফা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত এমরান পলাতক রয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com