Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলা

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মীর বাড়িঘরে বিএনপি নেতা-কর্মীদের হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে এগারোটার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার।
আহতরা হলেন: জামায়াত ইসলামীর কর্মী কবির হোসেন, তার পিতা তাজুল ইসলাম, ভাতিজা নাজমুল ইসলাম, আত্মীয় মুসা মিয়া, সানাউল্লাহ ও মোঃ ফারুক।
উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আনোয়ার হোসেনের নির্দেশে তার অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ ইলিয়াস মোল্লা।
তিনি বলেন, তিনদিন আগে উচিৎপুরা ইউনিয়নে গণসংযোগে গেলে তাদের নিজ বাড়িতে আপ্যায়ন করেন দলের কর্মী কবির হোসেন। এতে ক্ষুব্দ হয়ে ওঠে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন। তিনি কবিরকে তার দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য হুমকি দেয়।
“ওই বিএনপি নেতা সন্ত্রাসী প্রকৃতির। তার নির্দেশে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী জড়ো হয়ে এই হামলা চালিয়েছে। বাড়িঘর ভাঙচুর করে পরিবারের সদস্যদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কবিরসহ আহতদের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।”
হামলাকারীরা বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন জামায়াতের প্রার্থী।
এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। হামলার বিষয়টি থানা পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেও জানান ইলিয়াস মোল্লা।
তবে, অভিযোগের বিষয়ে বিএনপি নেতা এড. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, তিনি গণসংযোগে আছেন। এ বিষয়ে এখনো অবগত নন। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে মন্তব্য করবেন।
এ ঘটনায় আসনটিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের কাছেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইউএনও আসাদুর বলেন, “মৌখিকভাবে অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ ও বিজিবির একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে টলারেট করা হবে না। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
তবে, সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান আড়াইহাজার থানার পরিদর্শক রিপন কুমার। তিনি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেবো।”
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গণসংযোগ শেষে গাড়ি মেরামত করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাবেক এক ছাত্রদল ও যুবদল নেতা। আড়াইহাজার বাজার থেকে অদূরে তাদের চলন্ত গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com