নিজস্ব সংবাদদাতা:
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শ্রীকৃষ্ণের দেখানো পথে চলার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, নতুন প্রজন্মের যারা রয়েছে সবাই শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে। তার প্রতিটি কথা আমাদের নিজেদের প্রত্যাহিক জীবনে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের মধ্যে যত অনাচার-পাপাচার রয়েছে সব সরিয়ে দিতে হবে। পৃথিবী থেকে এই অনাচার পাপাচার দূর করতেই বার বার তিনি এই পৃথিবীতে এসেছেন। যাতে আমরা শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারি। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে নিতাইগঞ্জ এলাকায় বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির মাঝে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে যারা নিজেদের এলাকায় পূজার মন্ডপ করতে চান। তারা মন্ডপ তৈরি করবার আগে সদর ইউএনও নাহিদা বারিক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের কাছে আগে তালিকা দিবেন। তারপর তারা তা যাচাই বাছাই করবেন। তারপর তারা যদি অনুমতি দেয় তবেই মন্ডপ তৈরি করবেন। যেহেতু করোনা তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর যদি শারীরিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি যদি সবাই মানতে না পারে তবে মন্ডপ না করাই শ্রেয়। জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রাজেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন দাস, রিপন ভাওয়াল, লিটন পাল, নিতাইগঞ্জ বলদেব মন্দির কমিটির সভাপতি জয়কে রায় চৌধূরী, মন্দিরের পুরোহিত কঙ্কজ চক্রবর্তী প্রমুখ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।