Logo
HEL [tta_listen_btn]

আঃ লীগের উপদেষ্টা জয়নাল হাজারীর বাড়ীতে দফায় দফায় গুলি-ভাংচুরের অভিযোগ

আঃ লীগের উপদেষ্টা জয়নাল হাজারীর বাড়ীতে দফায় দফায় গুলি-ভাংচুরের অভিযোগ

সুজন গোলদার অনিক(ফেনী)সংবাদদাতা :

আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ফেনী-২ আসনের সাবেক তিন বারের সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারীর ফেনী শহরের মাষ্টারপাড়ার বাড়ীতে একদল মুখোশধারী দুর্বৃত্ত গুলিবর্ষন করে হামলা-ভাংচুর করেছে । বৃহস্পতিবার রাত ৩টায় ও শুক্রবার বিকেলে দিকে দ্বিতীয় দফায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জয়নাল হাজারী। তিনি অভিযোগ করেন, রাত ৩টার দিকে কিছু সংখ্যক মুখোশপরা দূর্বৃত্ত অতর্কিতে মাষ্টারপাড়ার শৈলকুটিরে প্রবেশ করে। তারা বাড়ীর সামনে মুজিব উদ্যানে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাংচুর করে,বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলে এবং ৫/৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। সন্ত্রাসী হামলার সময় জয়নাল হাজারী বাড়ীতে ছিলেন না। হামলার খবর পেয়ে তিনি শুক্রবার ভোরে ঢাকা থেকে ফেনী পৌঁছেছেন। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জয়নাল হাজারী লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান। তিনি দাবি করেন, সন্ত্রাসীরা মুখোশ পরিহিত হলেও কয়েকজনকে চিনতে পেরেছেন। এছাড়া শুক্রবার বিকালে কয়েকজন চেয়ারম্যানের নেতৃত্বে হামলার চেষ্টা হয়েছে বলে জয়নাল হাজারী জানান। আইন শৃংখলা বাহিনী দ্রুত চলে আসায় কোন অঘটন ঘটেনি। ১৫ আগষ্ট সকালে জয়নাল হাজারীর মাষ্টারপাড়ার বাড়ীর সামনে মুজিব উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং বিকালে তিনি মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। প্রসঙ্গত; এর আগে বুধবার জয়নাল হাজারী তার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ফেনীতে ২১ আগস্ট এর মত অঘটন ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেন। নিজ দলীয় প্রতিপক্ষরা তিনি ও তার দুই ঘনিষ্ট সহযোগী আজহারুল হক আরজু ও শাখাওয়াত হোসেনকে হত্যা করার পরিকল্পনা নিতে পারে বলে তিনি খবর পেয়েছেন। পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, জয়নাল হাজারীর বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com