যশোরের মণিরামপুরে আশরাফ হোসেন (২০) নামে এক তরুণ দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজনরা। আশরাফ হোসেন উপজেলার কুলটিয়া ইউনিয়নের দহকুলা গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। এই ঘটনায় নিহত আশরাফের চাচা আবুল কাশেম শুক্রবার সকালে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। চাচা আবুল কাশেম জানান, তিনমাস আগে একই ইউনিয়নের পচামাগুরা গ্রামের জনৈক মুন্নি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন আশরাফ। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একই খাটে শুয়েছিলেন। ভোর চারটার দিকে আশরাফকে আড়ায় ঝুলতে দেখে চিৎকার দেন মুন্নি। পরে স্বজনরা লাশ নামিয়ে আনেন। স্বজনদের ধারণা, রাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যো কথাকাটাকাটি হয়েছে । পরে স্ত্রী ঘুমিয়ে গেলে আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন তিনি। শুক্রবার বেলা ১১টার দিকে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান ঘটনাস্থল থেকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।