মৌসুমী আক্তার, কুলিয়ারচর সংবাদদাতা :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় এর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ক্লিনিকটির জমিদাতা এলাকার কৃতিসন্তান প্রিয় ব্যক্তিত্ব মরহুম লায়ন মো. মুজিবুর রহমানের নামে কমিউনিটি ক্লিনিকের নামকরণ করার জন্য কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানকে নির্দেশ প্রদান করেন এবং এলাকাবাসীকে কমিউনিটি ক্লিনিকের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান। রোববার (৩০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি উপজেলার নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা গার্লস হাই স্কুল সংলগ্ন নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সারোয়ার এসপিপি, এএফ ডাব্লিউ সি, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওমর খসরু, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও লায়ন মুজিব-মুনা গার্লস হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মশিউর আহমেদ, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস সাইফুজ্জামান, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদসহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এর মাধ্যমে চিকিৎসা সেবা তথা স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পরে তিনি লায়ন মুজিব-মুনা গার্লস হাই স্কুল পরিদর্শন করে মরহুম লায়ন মো. মুজিবুর রহমান এর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।