হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় হোমনা-মুরাদনগর সড়কের ঘারমোড়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফতেরকান্দি, ভবানীপুর, হুজুরকান্দি ও ঘারমোড়াসহ কয়েক গ্রামের কয়েকশ’ লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা ওই সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে। এলাকাবাসী অভিযোগ করেন, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিরামিক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ফতেরকান্দি গ্রামের মো. সালাউদ্দিন পাওনা টাকা উত্তোলন করে ঘারমোড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে উপজেলার কাশিপুর গ্রামের ব্রিজের দক্ষিণ পাশের রাস্তায় ফয়সাল, রায়হানসহ মুখোশধারী আরও ৩-৪ জন তার গতিরোধ করে পিটিয়ে টাকাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। বর্তমানে সালাউদ্দিন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই দিনই প্রতিষ্ঠানের মালিক মো. দুলাল মিয়া ফয়সাল ও রাসেলসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দেয়। মানববন্ধনে বক্তারা এদেরকে এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে অভিযোগ করেন। তাদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত সালাউদ্দিনের মা নাছিমা বেগম, ছোট বোন তানজিনা আক্তার, নানাী জোহরা বেগম, ভগ্নিপতি ব্যবসায়ী হুজুরকান্দি গ্রামের দুলাল মিয়া, ফতেরকান্দি গ্রামের মো. শাহ আলম প্রমুখ। এ ব্যাপারে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা বলেন, আমরা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল উদ্ধার করে তাদের জিম্মায় দিয়েছি। বিষয়টি তারা আপোষ মিমাংসার কথা বলে চলে গেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।