সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকায় সিকোটেক্স নামক একটি রপ্তানীমুখী গার্মেন্টসে বয়লার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের এলাকাবাসী। শনিবার (১৮ ফেব্রæয়ারি) সকাল ১০টায় এনসিসি ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকাস্থ সিকোটেক্স গার্মেন্টসের সামনে শত শত নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে প্রতিবাদ জানায়।এসময় মানববন্ধন শেষে তারা রাস্তায় বিক্ষোভ মিছিল করে আবাসিক এলাকায় বয়লার স্থাপনের ব্যাপারে নিজেদের অবস্থানের কথা জানায়। মানববন্ধনে নিমাইকাশারী এলাকার বদরুন্নেসা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আবু তাহের বলেন, আবাসিক এলাকায় বয়লার বসালে আমরা বসবাস করতে পারবো না। আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় কাউন্সিলর, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ সকলের কাছে আকুল আবেদন, যেন এখানে বয়লার বসানো না হয়।এখানে বয়লার বসানো হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। পরিবেশ নষ্ট হলে নানাবিধ রোগ-জীবানু ছড়াবে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে জানতে চাইলে সিকোটেক্স গার্মেন্টসের জিএম (অপারেশন) শাহ্ মোহাম্মদ বজলুল কবির জানান, আমরা যে বয়লারটি স্থাপন করবো তা সম্পূর্ণ জুট দিয়ে চালানো হবে। এটি পরিবেশের উপর কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। এটি পরিবেশ বান্ধব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।