আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ ও ডাকাতদলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে মোহাম্মদ শামীম (২০) নামে ডাকাতদলের এক সদস্য আহত হয়। পুলিশ তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার (২০ ফেব্রæয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আহত ডাকাত মোহাম্মদ শামীম উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে। পুলিশ জানায়, একদল ডাকাত বিশনন্দীগামী কয়েকটি ট্রাক ও সিএনজি থামিয়ে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছিলো এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র, রাম দা ও লাঠিসোটা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় আড়াইহাজার থানার এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান মাসুদ আত্মরক্ষার্থে তার নামে ইস্যুকৃত ৭.৬২ পিস্তল হতে ১ রাউন্ড গুলি ফায়ার করলে ডাকাতদলের সদস্য শামীমের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলি লাগার পরেও ডাকাত শামীম পালিয়ে যেতে থাকলে ধাওয়া করে আহত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় ৩ পুলিশ আহত হয়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আহত ডাকাত শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, ডাকাতদলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।