Logo
HEL [tta_listen_btn]

র‌্যাবের গাড়িতে ডাকাতির চেষ্টা \ দেশীয় অস্ত্র উদ্ধার / দুর্ধর্ষ ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার

র‌্যাবের গাড়িতে ডাকাতির চেষ্টা \ দেশীয় অস্ত্র উদ্ধার / দুর্ধর্ষ ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। প্রায়ই ঘটছে ডাকাতির ঘটনা। সাধারণ যাত্রীদের পাশাপাশি বিদেশ ফেরত যাত্রীদের সর্বস্বান্ত করছে ডাকাতরা। এতে আতংক বিরাজ করছে মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে। এবার র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মো. সুজন (২০), মো. রাসেল (২৭), মো. আলাউদ্দিন (১৯), মো. বাদশা হোসেন দিপু (২৩), মো. সাব্বির (১৯), মো. হাবিবুর রহমান (১৯), মো. মিন্টু (২৩) ও মো. সিয়াম (১৯)। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ১টি স্টীলের তৈরি চাপাতি, ১টি বড় ছোরা, ১টি হাতুড়ি ও ১টি শাবল উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে র‌্যাব-১১ স্থানীয় ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক মুনিরুল আলম। তিনি জানান, ডাকাত চক্র নির্মূল করতে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের ২টি দল সাদা পোশাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি পালন করছিলো। একটি দল মুন্সিগঞ্জে গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে। এসময় সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত র‌্যাবের গাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাত দল গাড়ির উপর চড়াও হয়ে হানা দিলে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দেয়। এসময় ডাকাত দলের ৮ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধ শতাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com