হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৯-৭৪১৮) জব্দ করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হোমনা-মেঘনা রোডের জয়দেবপুর মাথাভাঙা এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের এসআই টিবলু মজুমদার অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মাদক আইনে হোমনা থানায় একটি মামলা করেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার জয়দেবপুর মাথাভাঙা এলাকায় পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে মাদক কারবারিরা তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি নিয়ে দ্রæতগতিতে পেছনে ছুটে। পুলিশও তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে প্রাইভেটকারটি ফেলে চালক ও তার সহযোগী ফসলী জমির ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া প্রাইভেটকারটি তল্লাশি করে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। ওসি আরও বলেন, মাদক কারবারিরা সীমান্ত এলাকা থেকে মাদকের চালান নিয়ে আসে। হোমনাকে মাদকের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে এগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এ ঘটনায় অজ্ঞাত গাড়ির চালক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।