সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতারকৃতরা হলো, চক্রের মূলহোতা মো. বুলু মিয়া (৪০) ও তার সহযোগী মো. সেলিম বেপারী (৫০)। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, দু’টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ১০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রোববার (১৯ মার্চ) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, শনিবার (১৮ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলো। তিনি আরো জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে এসব মাদক প্রাইভেটকারসহ বিভিন্ন পরিবহনে বহন করতো। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের চক্রে আরও সদস্য রয়েছে। তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।