রাজধানীর কদমতলী ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ আসমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। সোমবার (১৫ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার কদমতলী থানার পূর্ব ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ আসমাকে গ্রেফতার করা হয়।
আসমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় আরও ফেনসিডিলের মজুদ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে আরও ৪শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসমা দীর্ঘদিন ধরে ফেনসিডিল নিজ হেফাজতে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি আনিচ উদ্দীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।