কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কামাল্লা গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকায় এ হত্যার ঘটনাটি ঘটে। রোববার রাতেই নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলো, একই মৃত ছিদ্দিকিুর রহমানের ছেলে জামির হোসেন (৪৩) ও জহিরুল হকের ছেলে রাসেল (২২)।
নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, প্রতিবেশী মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতো। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার (২৯ জুলাই) আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা। পরে এ বিষয়টি নিয়ে মুরাদনগর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার পুনরায় ড্রেজারের পাইপ ভেঙে ফেলে তারা। অভিযুক্তরা কামাল্লা মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে এসেছে জানতে পেরে মাসুম ভাই সেখানে গিয়ে তাদের কাছে পাইপ ভাঙ্গার কারণ জানতে চায়। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুম ভাইয়ের উপর হামলা চালায় তারা। একপর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে পেছনে দিক দিয়ে আঘাত করলে মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেকে) প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।