নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কে বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ ১ জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাব্বির হোসেন। সে কলমাকান্দা উপজেলার ছত্রংপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে ফকিরের বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দশদার এলাকায় ওয়ারেন্ট তামিল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান চালায়। এসময় গোপন সূত্রে খবর আসে, ভারতীয় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়ক পথে কতিপয় ব্যক্তি মোটরসাইকেল যোগে আমদানীকৃত নিষিদ্ধ ভারতীয় মদ নিয়ে আসছে। পরে বারহাট্টা থানার উড়াদিঘী (কাট্টাচোরা) সাকিনস্থ কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের আলতু মিয়ার মনোহারী দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে বুধবার (৩০ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।