কুমিল্লার হোমনায় ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডের রারিরচর বেপারী বাড়ির আবদুছ সাত্তারের ছেলে মো. আরিফ হোসেন (৩০)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোমনা মুরাদনগর সড়কের ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের এসআই ইকবাল মনির বাদি হয়ে তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার হোমনা মুরাদনগর সড়কের ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান চলছিলো। সন্ধ্যার দিকে ওই স্থানে আরিফ হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রেখেছিল বলে জানিয়েছে পুলিশকে।
হোমনা থানার এসআই ইকবাল মনির বলেন, মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে আরিফ হোসেনকে ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বুধবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।