সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মৃত আনসার মন্ডলের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো. মনজুর আলমের ছেলে মো. জিসান (২২)
সোনারগাঁ থানার এসআই আল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী স্যারের নেতৃত্বে আমিসহ এসআই মাসুদ, এসআই শহিদুল ও এএস আই মনিরসহ সঙ্গীয় ফোর্স পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা পিকআপ (ঢাকা মেট্রো-জ ১১-২৫২৬) হতে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেটের চালান নারায়ণগঞ্জ-ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সোনারগাঁ থানা পুলিশের তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।