নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, আমি এমপিগিরি করার জন্য নির্বাচন করছি না। সদর-বন্দরের সমস্যা সমাধানের জন্য নির্বাচন করছি। নির্বাচিত হতে পারলে প্রথম ১০০ দিনের মধ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে শপথ গ্রহণের পর প্রথম ১০০ দিনের মধ্যে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতা রোধ করে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন।
তারিকুল ইসলাম সুজন বলেন, নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিবি রোডে ইজিবাইক নিয়ন্ত্রণ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, হকারমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও লোকবল বৃদ্ধি করা হবে। এছাড়া ২ নম্বর রেলগেট এলাকায় উৎসব-বন্ধন পরিবহনের অবৈধ পার্কিং বন্ধ করে ফুটপাত উন্মুক্ত করে পথচারীদের চলাচল নিরাপদ করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে বন্দর ঘাটের টোল ফ্রি করা এবং সদর-বন্দরের সড়ক সংস্কার করা হবে। বন্দরে গ্যাস ও পানির সংকট নিরসনে তিতাস গ্যাস ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোকে দালালমুক্ত করে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার করা হবে।
তিনি আরও জানান, সরকারি অফিসে ঘুষমুক্ত সেবা ব্যবস্থা চালু করা হবে। নাগরিকদের সব ধরনের নিবন্ধন, লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ, দ্রুতগতির এবং শতভাগ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে মাসিক অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করা হবে।
তারিকুল ইসলাম সুজন বলেন, আমি এমপিগিরি করার জন্য নির্বাচন করছি না। সদর-বন্দরের সমস্যা সমাধানের জন্য নির্বাচন করছি। নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।