নিজস্ব সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপি-জোটের স্মরণকালের সেরা ঐতিহাসিক ভূমিধস বিজয়ে নির্বাচিত সকল সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে এ বিজয় জাতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করবেন। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে এ বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দীন-কে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করে এবং জাতির সামনে অগ্রগতির নতুন সম্ভাবনা উন্মোচন করে।
দীর্ঘ উনিশ বছর পর দলীয় ঐক্য, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন আনিসুল ইসলাম সানি। তিনি বলেন, তারেক রহমানের কৌশলগত দিকনির্দেশনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় সম্পৃক্ততার ফলেই এ ল্যান্ডস্লাইড বিজয় সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের সাফল্য নয় এটি গণতন্ত্র, মানুষের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতিফলন। দেশবাসীর কল্যাণে নির্বাচিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সংসদ দেশকে উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে এটাই এখন জাতির প্রত্যাশা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।