নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পর এবার নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজার ফেসবুক আইডি ক্লোন করা হয়েছে। রুমন রেজা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘চ্যানেল আই’ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। রোববার (২৬ জুলাই) সকালে অধ্যক্ষ রুমন রেজার ক্লোন আইডিটি চিহ্নিত করা হয়। এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের ফেসবুক আইডি ক্লোন করা হয়। অধ্যক্ষ রুমন রেজা বিষয়টি নিশ্চত করে তার ফেসবুক আইডিতে একটি সতর্কতামূলক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফেসবুকে আমার নামে ফেইক আইডি খোলা হয়েছে। অনেকেই ঐ আইডিতে যুক্ত হয়েছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এই আইডিটিই আমার একমাত্র আইডি। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।’ তিনি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘সকালে জানতে পারলাম আমার নামে আকেটি ফেসবুক আইডি রয়েছে এবং আমার ফ্রেন্ডলিস্টের অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, বন্ধুও বানিয়েছে। আমার ফেসবুক আইডিতে আমার নাম ইংরেজি অক্ষরে লেখা কিন্তু ওই আইডিতে বাংলায় লেখা হয়েছে। বিষয়টি নিশ্চিত হবার পর সকলকে সতর্ক করার জন্য আমি সঙ্গে সঙ্গে আমার টাইমলাইনে একটি স্ট্যাটাস দেই। যাতে মানুষ প্রতারিত না হয়।’ তিনি জানান, বিকেলে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।