সোনারগাঁ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের একটি খামারের ৭শ’ হাঁস মারা গেছে। হাঁসগুলো ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন খামারি জাকির হোসেন। একসাথে এতগুলো হাঁসের মৃত্যুতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারি জাকির। জাকির হোসেন জানান, প্রতি বছর তিনি এ হাঁসের খামার করে থাকেন। ডিমপাড়া শেষ হলে এ হাস ওজন ধরে বাজারে বিক্রি করে দেন। এ বছরও তিনি দেড় হাজার হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করেন। হাঁসগুলো আগামী মাসে ডিম দেওয়া শুরু করবে। গত শুক্রবার থেকে তার খামারে হাঁসের ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মরক দেখা দিয়েছে। এতে ৭শ’ হাঁস মারা গেছে। বাকি হাঁসগুলোও আক্রান্ত হয়ে মৃত্যুপথে। তিনি আরো জানান, ভ্যাকসিন দিয়েও হাঁসগুলো টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এতে করে তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি সরকারি অনুদান পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবীব বলেন, এ বিষয় জালকুড়ি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রাণিসম্পদ কার্যালয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারে। ক্ষতি পুষিয়ে তুলতে পরবর্তীতে ঋণ সুবিধা দেওয়া যেতে পারে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।