বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাপ দিয়ে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬ জন আসামিকে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে নিহত স্কুলছাত্র জিসানের পিতা বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বাদী হয়ে বিশ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে মোট ২১ জনকে আসামি করা হয়। মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোক্তার হোসেন (৬৭), আহমদ আলী (৬২), কাশেম (২৮), আলবি (১৭), আনোয়ার হোসেন (৪৫), শিপলু (২৩) নামে ছয় জনকে। মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ আসামিকে। গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শামীম ও শাকিল নামের দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘাটের একটি নৌকায় ওঠে জিসান ও মিহাদ। কিশোর গ্রুপের একটি দল ওই নৌকাতে উঠলে ধাওয়া করে বিপক্ষ গ্রুপটিও নৌকাতে ওঠে। পরে নদীতে ঝাপ দেয় কিশোর দল। আত্মরক্ষার্থে তাদের দেখাদেখি পানিতে ঝাপ দেয় মিহাদ ও জিসানও। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হয় মিহাদ ও জিসান। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করে জানতে পারেন সংঘর্ষ ও নদীতে ঝাঁপ দেয়ার খবর। পরে জেলে দিয়ে জাল ফেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হয় নিখোঁজ জিসান ও মিহাদের লাশ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।