যশোরের কেশবপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তের দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এ উপজেলা। আজ (১২ আগস্ট) নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সোমবার (১০ আগস্ট) ১৬ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার রিপোর্টে নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় ১৬৬ জন আক্রান্ত হয়। এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। বর্তমানে ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৯৪ জন। এ পর্যন্ত ৭৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, বুধবার (১২ আগস্ট) পর্যন্ত ৭৩৫ জনের নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট পাওয়া গেছে ৭১৫ জনের। এদের মধ্যে ১৬৬ জনের করোনা পজেটিভ এসেছে। ইতোমধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৯৪ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। বাকী ৭০ জনের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আজ ২০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।