রূপগঞ্জ সংবাদদাতা:
অসদাচরণের অভিযোগে রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মো. রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। ওই আদেশে বলা হয়েছে, রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মো: রফিকুলের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগ রয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী মো: রফিকুল বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার পর্যাপ্ত জবাব আমার কাছে আছে। এ সংক্রান্ত চিঠি আমার কাছে এখনও এসে পৌছায়নি। তবে সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। আমার কাছে চিঠি এলে আমি জবাব দেবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।