নিজস্ব সংবাদদাতা:
পঁচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্যতালিকা না থাকার অপরাধে দুই বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে ফতুল্লার হরিহরপাড়া এলাকার খিদমা বেকারিকে ৫০ হাজার এবং একই এলাকার নিউ এশিয়া বেকারিকে ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, প্যাকেটজাত খাদ্যসামগ্রীতে মূল্য তালিকা না থাকা এবং পঁচা ডিম দিয়ে বেকারিজাত খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় খিদমা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করার অপরাধে ৫১ ধারায় নিউ এশিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই বেকারি থেকে জরিমানার মোট এক লাখ টাকা আদায় করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।