কচুরিপানার কারণে সৌন্দর্য হারাচ্ছে কেশবপুরে হরিহর নদ। নদটি কেশবপুরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পাশের মণিরামপুর উপজেলার মধ্য দিয়ে ঝিকরগাছায় গিয়ে মিশেছে। শুধু হরিহর নদ নয়, এর শাখা খোঁজাখালী খালেরও একই অবস্থা। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানিপ্রবাহও। এলাকাবাসীর ভেতর কচুরিপানায় নদের সৌন্দর্য নষ্ট হওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য দ্রুত কচুরিপানা অপসারণের দাবি করেছেন নদতীরবর্তী এলাকায় বসবাসকারীসহ সচেতনমহল। সরেজমিনে হরিহর নদের কেশবপুর বাজারের হাবিবগঞ্জ ব্রীজ ও খোঁজাখালী খালের মধ্যকুল স্লুইস গেট এলাকায় গিয়ে দেখা যায়, কচুরিপানায় ভরে রয়েছে। এতে নদ ও খালের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে এলাকাবাসী জানায়। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন বলেন, হরিহর নদ ও খোঁজাখালী খালে কচুরিপানা জমে সৌন্দর্য নষ্ট হচ্ছে। আগামী দিনে কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হলে নদ ও খাল থেকে কচুরিপানা অপসারণ করা হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, নদ-নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্প নেই।