নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এবং মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। শনিবার (২২ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। মোহাম্মদ জায়েদুল আলম বলেন, আমাদের সন্তান আমাদেরকেই ঠিক করতে হবে। পুলিশ শুধু সহযোগীতা করতে পারবে। যার ছেলে-মেয়ে তাকেই সামাল দিতে হবে। আমরা অভিভাবকরা যদি নিরপেক্ষভাবে কাজ করি, তাহলেই সম্ভব। আর যদি মনে করেন নিজের ছেলে মাদক খায়, কোন সমস্যা নাই। অন্যের ছেলে খায়, তাকে আগে ধরতে হবে। তাহলে সমস্যা সমাধান হবে না, নিজেরটা আগে ধরতে হবে। যদি এই মনোভাব নিয়ে আসতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি সিদ্ধিরগঞ্জের দশটা ওয়ার্ড মাদক মুক্ত করতে পারবো। আর নয়তো সারাদিন বক্তৃতা দিয়েও কোন লাভ নাই। তিনি আরো বলেন, এখন যে কিশোর গ্যাং শুরু হয়েছে, সেটা আপনারাই প্রতিরোধ করতে পারবেন। কিশোররা চুলের বিভিন্ন স্টাইল করে টিকটক ভিডিও করে। এগুলো বন্ধ করেন, মাদকও বন্ধ হয়ে যাবে। মাদক সেবন বন্ধ করতে পারলেই এর চাহিদা কমে যাবে, আর চাহিদা কমে গেলেই মাদক ব্যবসা কমে যাবে। এটা একা পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ পারবেনা। যাদি অভিভাবকরা চেষ্টা না করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক-সার্কেল’ মো: মেহেদী ইমরান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।