সোনারগাঁ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ৭টি হাত বোমা ও ২ কেজি ৬০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়। গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার আষাড়িয়া চর ব্রীজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে ডিবি। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে আরো ৩ ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো, মুন্সিগঞ্জের গজারিয়া থানার আব্দুল হাইয়ের ছেলে মোমেন (৩৪), আড়াইহাজারের শামসু মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৮), মৌলভীবাজারের মেহের আলীর ছেলে নাজিম উদ্দিন (৩২) ও ব্রাক্ষণবাড়িয়ার মৃত নীল মিয়ার ছেলে বাবুল হোসেন (৩২)। পলাতক ডাকাতরা হলো, মাসুম, সবুজ ও দাইয়ান। সম্মেলনে জাহেদ পারভেজ জানান, গোপনসূত্রে খবর পেয়ে উপজেলার আষাড়িয়া চর ব্রীজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি ছোরা, ২টি কাওয়াল, ১টি কাটার, ৩ টি মোবাইল ফোন ও ৭টি হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোমেনকে হাতবোমার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বন্দরের রওশনবাগ সাকিন এলাকায় আজিজের স্ত্রী মমতাজের (৬০) কাছে বোমা তৈরীর সরঞ্জাম মজুদ আছে। পরে রওশনবাগ সাকিন এলাকায় অভিযান চালিয়ে মমতাজকে গ্রেফতার করা হয়। পরে মমতাজের ঘর তল্লাশী করে পলিথিনের প্যাকেটে ২ কেজি ৬০০ গ্রাম বোমা তৈরির পাউডার জব্দ করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।