করোনা ও প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে যশোর সেনাবাহিনী
নিলয় ধর,যশোর বিশেষ সংবাদদাতা :
মহামারী করোনায় গোটা বিশ্বের সাথে বিপর্যস্ত বাংলাদেশ। আর সেই সাথে একের পর এক ঘটছে প্রাকৃতিক দূর্যোগ। সম্প্রতি ঘটে যাওয়া আম্পান ঝড়ের ক্ষত না শুকাতেই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে উপকূল। চরম দূর্বিষহ অবস্থায় জনজীবন হয়ে পড়েছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে সাধারণ মানুষের নাভিশ্বাস যখন চরমে তখন যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে মানবতার ঝান্ডা হাতে এগিয়ে এসেছে যশোর সেনা সদস্যরা। প্রতিটি মানবিক বিপর্যয়ে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের দূর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে। যা সচেতন মহলে প্রশংসিত হচ্ছে । এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যশোরে করোনা আক্রান্ত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সর্বমোট ৭ জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৩৫৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দিনভর এই স্বাস্থ্যসেবায় রক্তের পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আগত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, টুথব্রাশ, টুথপেস্ট এবং চশমা বিতরণ করা হয়েছে। যশোর সেনানিবাস সূত্রে জানা গিয়েছে , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় সেনা প্রধান দেশের সকল জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের উন্নতির জন্য সব ধরনের কাজ করার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাসদস্যরা। অন্যদিকে আম্পানে ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি নানাবিধ জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।