যশোরে খাদ্যপণ্যের মোড়কে অগ্রিম তারিখ
নিলয় ধর, যশোর জেলা সংবাদদাতা :
মোড়কে উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহার করে খাদ্যপণ্য বিক্রি করতো, “মেহেদী ফুড প্রডাক্টস” নামে ১টি বেকারি। বুধবার ২৬ আগষ্ট মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই কারসাজি ধরে ফেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উল্লিখিত অপরাধ ছাড়াও কারখানায় স্যাঁতসেতে পরিবেশ দেখে এর মালিক সুমনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী ফুড প্রডাক্টসে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অঞ্চলের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিবের নেতৃত্বাধীন ১টি টিম। অভিযানকালে ওই বাজারের বিশ্বজিৎ নামে একটি হোটেল মালিককে দেড় হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই সময়ে জেলা পুলিশের ১টি টিম উপস্থিত ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব বিষয়টি নিশ্চিত করেছে। অভিযানের সময়ে উপস্থিত থাকা স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আজ ২৬ আগস্ট। কিন্তু মেহেদী বেকারিতে আজকে তৈরি পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ হিসেবে ২৭ আগস্ট লেখা হচ্ছে। এ ছাড়া বেকারির পরিবেশ স্যাঁতসেতে ছিল। এই অভিযোগে বেকারির মালিক সুমনকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। একই সময় রোহিতা বাজারের বিশ্বজিতের হোটেলের ফ্রিজে মুরগির বাসি মাংস থাকায় তাকে দেড় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।