ভ্রাম্যমান সংবাদদাতা:
করোনাকালে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ নানা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখা। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় মাসদাইর চৌধুরী কমপ্লেক্সের সামনে শ্রমিক ছ্াটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রম আইনের ২৩ ও ২৭ ধারাসহ অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার খোকন। এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগের মধ্যেও গার্মেন্টস মালিকরা ব্যাপক শ্রমিক ছাঁটাই করছে। সরকারের পক্ষ থেকে করোনাকালে শ্রমিক ছাঁটাই হবে না বললেও মালিকরা তার তোয়াক্কা করছে না। করোনার সময়ে গার্মেন্টস মালিকদের ৫ হাজার টাকার প্রণোদনা দেয়ার কথা থাকলেও প্রথম পর্যায়ে সাড়ে ৭ হাজার কোটি টাকা মালিকদের প্রণোদনা দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার প্রক্রিয়া চলছে। করোনা মোকাবিলায় মালিকরা সরকারের কাছ থেকে টাকা নিলেও মালিকদের ইচ্ছায় করোনায় যারা কাজের বাইরে ছিল সেই শ্রমিকদের ৩৫ ভাগ টাকা কেটে নেয়া হয়েছে। বর্তমান সময়ে গার্মেন্টসে ক্রেতাদের অর্ডার আসলেও মালিকরা শ্রমিক ছাঁটাইয়ের ধারা অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দ ছাঁটাই, লে-অফ বন্ধ, অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ২৩, ২৭ ধারাসহ সকল শ্রমিক স্বার্থ বিরোধী কালো ধারাগুলো বাতিলের দাবি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।