দেশের আলো ডেক্স
যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে র্যাব-১০। আটককৃতদের মধ্যে ইসা খাঁ ওরফে রাজ্জাক (৩৪) আন্তঃজেলা ডাকাত সর্দার বলে দাবি র্যাবের। আটককৃত বাকি ২ জন হলো, সৈয়দ জসিম উদ্দিন (৫০) ও ও নুর ইসলাম (২৮)। বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রায়েরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১শ’ ৮০ টাকা জব্দ করা হয়।র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। যাদের নেতৃত্বে রয়েছেন রাজ্জাক। তারা গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পাটুয়াখালী ও কুড়িগ্রামে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা ও অন্য মূল্যবান সম্পদ ডাকাতি করেছেন। ডাকাতির বাইরে চক্রটি বড় ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করতেন। র্যাব-১০ এর সিও বলেন, আটককৃত ডাকাত সর্দার রাজ্জাক কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তিনি অন্য পেশার আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাত চক্রের নেতৃত্ব প্রদান করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।