দেশের আলো ডেক্স
নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ। গ্রেফতারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গ্রেফতারকৃত মান্নান আন্তঃজেলার ডাকাতদলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৫টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হতে পারি। পরে বেলাব থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে বাড়ি হতে একনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।