সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল করে জমি আত্মসাৎ মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো, এনসিসি ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. সাগর (৩০), ৫নং ওয়ার্ডের ওমরপুর এলাকার আব্দুল হক মেম্বারের ছেলে মো. মৃদুল হক (৩৫) ও ১নং ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়া এলাকার মৃত বারেক মেম্বারের ছেলে মো. আলতাফ হোসেন (৪৫)। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। এরআগে শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ পুল, ওমরপুর ও মিজমিজি বাতেনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর ও আলতাফ হোসেনের বিরুদ্ধে মারামারি ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জাল-জালিয়াতি ও ভুয়া দলিল করে জমি আত্মসাতের ঘটনায় ২০২২ সালের ৩১ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন মো. আলী মর্তুজা নামে এক ভুক্তভোগী। ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।