দেশের আলো ডেক্স
গাজীপুরে ট্রাকচাপায় পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে কারখানার শ্রমিকরা ট্রাকে অগ্নিসংযোগসহ বেশ কিছু যানবাহন ভাংচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। রোববার (২২ জানুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন, গাইবন্ধার গবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার আরব আলীর ছেলে আজাদুল হক (৪০)। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকায় কর্মস্থলে যোগ দিতে কারখানায় যাচ্ছিলেন নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কিছু শ্রমিক। এসময় দ্রæতগতির একটি ট্রাক আজাদুল হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজাদুল হক নিহত হন। এসময় আরও ৩ জন শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাংচুর করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ শ্রমিক আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।