বন্দর সংবাদদাতা
বন্দরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গৃহবধূ রেখা আক্তার (২৫) ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি রুবি আক্তার বাদি হয়ে রোববার (২২ জানুয়ারি) বিকেলে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। এরআগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় বন্দর উপজেলার উত্তর চাঁনপুর থেকে মদনপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ওই গৃহবধূ নিখোঁজ হয়। গৃহবধূ রেখা আক্তার বন্দর উপজেলার উত্তর চাঁনপুর এলাকার দিনমজুর ইকবাল হোসেনের স্ত্রী ও ১ সন্তানের জননী বলে জানা গেছে। নিখোঁজ গৃহবধূর স্বামী ইকবাল জানান, দীর্ঘ ১০ বছর পূর্বে আড়াইহাজার থানার মাহামুদপুরস্থ গহরনী শ্রীনিবাসদী এলাকার ইয়ানুছ আলীর মেয়ে রেখা আক্তারকে বিয়ে করি। আমাদের সংসারে ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। আমি গরীব হলেও আমার স্ত্রীকে নিয়ে আমার পিত্রালয়ে সুখে জীবন যাপন করছি। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাড়ির কাউকে কিছু না জানিয়ে কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে ৩ দিনেও আর বাড়িতে ফিরে আসেনি। আমি অনেক স্থানে খোঁজাখুঁজি করে আমার স্ত্রীর কোন সন্ধান পাইনি। এ ঘটনায় আমার মা রুবি বেগম বাদি হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেছে। জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য থানার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।