ফতুল্লা সংবাদদাতা
রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় বাসের চাপায় নাদিয়া নামে নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) ভাটারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী নিহত হয়। নিহত নাদিয়া ফতুল্লার তল্লা এলাকার বাসিন্দা। সে নর্দান ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী। এক সপ্তাহ আগে উত্তরায় একটি হোস্টেলে উঠেছিলেন নাদিয়া। এ ঘটনায় বাস চালক লিটন (৩৮) ও এর সহকারি আবুল খায়ের (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদি হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভিক্টর পরিবহনের ওই বাসটির চালক ও হেলপারকে আসামী করা হয়। ওই মামলাতে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা ২২ মিনিটে মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে, এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর ১২টার দিকে কাওলা এলাকায় রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ওই দুর্ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে অবস্থান ও মিছিল করেন। এসময় তারা নিহত নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় তারা সড়ক থেকে সরে যান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।