রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে জয়দেব হত্যা মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার ভিংরাব এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, রূপগঞ্জ উপজেলার ভিংরাব এলাকা মাহাবুব মিয়ার ছেলে সিয়াম (১৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৮)। এ ঘটনায় ২০২২ সালের ২০ মে নিহত জয়দেব এর মেয়ে বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, নিহত জয়দেব সরকার তার পরিবার নিয়ে রূপগঞ্জ ভিংরাব এলাকায় সুনিল মালাকারের জায়গায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো এবং বাড়ি দেখাশুনা করতো। গত বছরের ২০ মে সিয়াম ও তার মা রোকেয়া বেগম সুনিল মালাকারের জায়গার আম গাছ থেকে আম পাড়তে থাকলে ভিকটিম জয়দেব সরকার বাধা দেয় ও নিষেধ করে। পরে আসামীরা ক্ষিপ্ত হয়ে জয়দেব সরকারকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে। সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিআইডি, নারায়ণগঞ্জ এর তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।