নিজস্ব সংবাদদাতা
বিএনপির সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আজকে আছি, কালকে নাও থাকতে পারি। মৃত্যু প্রতিটা সময় আমাদের পেছনে পেছনে ঘুরে। আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ মারার ক্ষমতা রাখে না। অনেকেই এখন চটকদার বক্তব্য দেন আমাদের উত্তেজিত করতে। আমরা কোন পাগল-ছাগলদের কথায় উত্তেজিত হই না। এটা হলো পরিস্কার বাংলা কথা।শামীম ওসমান বলেন, এই বছরটা বাংলাদেশের অত্যন্ত ক্রাইসিসের বছর। সকল ষড়যন্ত্রকারীরা এক হয়েছে, ওরা কামর দিবে। আর আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ওই সমস্ত অপশক্তির বিষদাঁত ভাঙ্গার জন্য প্রস্তুত আছি।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন,কয়েকদিন আগে বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করলো ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় চলে আসবে। ১০ ডিসেম্বর এই হবে সেই হবে। আমি বলেছিলাম টেলিভিশনে, ঘোড়ার ডিমটা হবে। এখনো বলছি ঘোড়ার ডিম না, কোনো ডিমই হবে না ওদের। ঘোড়াও ডিম পাড়বে না ওদের জন্য। ওদের দিন শেষ। আম্মা গ্রæপ, ভাইয়া গ্রæপ হয়ে অনেক ভাগ হয়ে গেছে। শামীম ওসমান বলেন, বিএনপির সঙ্গে অত গণতন্ত্র চর্চা করার মানসিকতা নেই। বিএনপির ভাই যারা আছেন তারা মনে রাখবেন, ২০০১ থেকে ২০০৬সাল পর্যন্ত আপনারা কী করেছেন। এমন অত্যাচার করা হয়েছিল লাশ কবরস্থানে নিতে দেয়নি। লাশের ওপর গুলি করেছিল। আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছিল। সেলিম ওসমানের খামারের ৩শ’ গাভির দুধের বাট (ওলান) কেটে দেয়া হয়েছিল। শুধু সিদ্ধিরগঞ্জ এলাকায় এক খুনির নির্দেশে আমাদের ৯ জন নেতাকে হত্যা করা হয়েছিল। ৪৯ জনকে আমাদের হাত দিয়ে দাফন করতে হয়েছে তাদের ক্ষমতার আমলে। এরা তারা। যারা বিএনপি করছেন অনেক বড় বড় কথা, অনেক বড় বড় উচ্চারণ আপনারা করছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শান্ত থাকুন। নারায়ণগঞ্জে পরিবেশ শান্ত থাকতে দেন। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের বহু বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এগুলো যদি একবার মাথায় মনে পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য নারায়ণগঞ্জে বসবাস করা কঠিন হয়ে পড়বে। কঠিন হয়ে যাবে এটা পরিষ্কারভাবে বলতে চাই। আমরা ধৈর্য ধরেছি কিন্তু আমরা দুর্বল না। আপনারা যে অপরাধ করেছেন সেজন্য বিচার হয়েছে। জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছে। শামীম ওসমান আরও বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বাস ঘাতক ও ষড়যন্ত্রকারীরা দলের ভেতরেই রয়েছে। এরা এক হয়ে জাতির পিতার কন্যাকে হত্যা করার চেষ্টা করছে। হাজার বছরে একটা জাতির পিতা জন্ম নেয়, আর শত বছরে একটা খন্দকার মোশতাক। আর এখন বাংলাদেশের জেলায় জেলায় খন্দকার মোশতাক জন্ম নেয়। নারায়ণগঞ্জেও আছে। শামীম ওসমান বলেন, আমরা উন্নয়নের কথা চিন্তা করে এই প্যানেলটি নির্বাচিত করেছি। আগামীতে নারায়ণগঞ্জের বিভিন্ন অগ্রগতিতে এই বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা বুঝদার তারা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। আমি রোববার আসবো আর ৩০ তারিখ তো নির্বাচন, ওইদিনও থাকবো। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাদারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সিনিয়র আইনজীবী এড. মাসুদ উর রউফ, পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, সভাপতি পদপ্রার্থী এড. জুয়েল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মোহসীন মিয়া, সহ-সভাপতি পদপ্রার্থী এড. রবিউল আমিন রনি প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।