সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে সাবেক নারী কাউন্সিলর প্রার্থী শিউলীর আক্তারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার আট্টি গ্রাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ভাংচুর করে ঘরের আসবাবপত্র ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানায় ভুক্তভোগী শিউলী আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত হাতে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে উঠে। তারপর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকেই হামলা চালায়। ঘরের টেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে গেলে হামলাকারীরা বেড়িয়ে যায়। সিসি টিভির ফুটেজেও তাদেরকে হামলা করতে যেতে দেখা গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন শিউলীর আক্তার। তিনি বলেন, ছোট বাচ্চা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল হকসহ তার লোকজন রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে। এসময় ঘরে আমার দুই মেয়ে ছিলো। তাদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুরসহ ঘরের ভেতরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছি। যারা আমার বাড়িতে হামলা চালিয়েছে তাদের বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তাফা জানান, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।