ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা গেট থেকে জ্বালানী তেলসহ চুরি হওয়া একটি ট্যাংকলরী (নারায়ণগঞ্জ ঢ-০১-০০৬৯) কাঁচপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ট্যাংকলরীতে জ্বালানী তেল পাওয়া যায়নি। চোরেরা ৯ হাজার লিটার জ্বালানী তেল (ডিজেল) চুরি করে খালি ট্যাংকলরীটি ফেলে রেখে যায় বলে জানা গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা গেট থেকে ৯ হাজার লিটার জ্বালানী তেলসহ ট্যাংকলরীটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর। এ ঘটনায় ট্যাংকলরীর মালিক মো. উজ্জল বাদি হয়ে শুক্রবার সকালে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ট্যাংকলরীর মালিক উজ্জল জানায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে যমুনা তেল ডিপো হতে ৯ হাজার লিটার জ্বালানী তেল উত্তোলন করে ট্যাংকলরীটি ডিপোর সামনে রাখা হয়। পরবরর্তীতে শুক্রবার সকাল ৬টার দিকে ট্যাংকলরীর চালক ও তার সহোযোগী যমুনা গেট এলাকায় এসে দেখতে পায় যে, ডিজেল ভর্তি ট্যাংকলরীটি যথা স্থানে নেই। পরে তারা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে তারা বিকেলের দিকে জানতে পারেন, একটি ট্যাংকলরী কাঁচপুর এলাকায় পরিত্যক্তাবস্থায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে তারা পরিত্যক্তাবস্থায় জ্বালানী তেল (ডিজেল) বিহীন পরে থাকা ট্যাংকলরীটিকে শনাক্ত করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানায়, ট্যাংকলরীতে থাকা ডিজেল নিয়ে গিয়ে ট্যাংকলরীটি কাঁচপুর এলাকায় ফেলে রেখে যায় চোরেরা। তিনি সেখান থেকে ট্যাংকলরীটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। চুরি করে নিয়ে যাওয়া জ্বালানী তেল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।