বন্দর সংবাদদাতা
বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভূমিদস্যু পারভেজ গং এর বিরুদ্ধে। এসময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে মহিলাসহ ২ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো, শওকত আলী (৫২) ও সুফিয়ার আক্তার শ্যামা (৩৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নিশং এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতের স্বামী গোলাম মোস্তফা বাদি হয়ে ঘটনার ওই রাতেই বন্দর থানায় ভূমিদস্যু পারভেজসহ ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের ওই রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসাহারদী এলাকায় অভিযান চালিয়ে মামলার ৫নং এজাহারভুক্ত আসামী সালমান (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত হামলাকারী সন্ত্রাসী সালমান উক্ত এলাকার জসিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃত সালমানকে ওই মামলায় শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার বাদি সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নিশং এলাকার হাজী সিরাজুল হক মিয়ার ছেলে থান কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফা মিয়ার সাথে নিশং মুন্সিবাড়ি এলাকার মহিউদ্দিন মিয়া ও তার ভূমিদস্যু ছেলে পারভেজ গং এর সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধরাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ভূমিদস্যু ও সন্ত্রাসী পারভেজ, তার পিতা মহিউদ্দিন, একই এলাকার মৃত দুলু মিয়ার ছেলে রনি, একই থানার আলীসাহারদী এলাকার শাওন মিস্ত্রীর ছেলে জাহাঙ্গীর ও একই এলাকার জসিম মিয়ার ছেলে সালমানসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থান কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফার বাসভবনে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে বাসভবনের ভিতরে প্রবেশ করে। সন্ত্রাসী পারভেজ ও সালমান রুমের সুকেস ও স্ট্রিল আলমারি ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাংচুর চালিয়ে ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে শওকত আলী ও গৃহবধূ সুফিয়া আক্তার শ্যামা গুরুত্বর জখম হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হলে পুলিশ সন্ত্রাসী হামলার ঘটনার ওই রাতেই মামলার ৫নং এজাহারভুক্ত আসামী সালমানকে গ্রেফতার শনিবার দুপুরে আদালতে প্রেরণ করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।