Logo
HEL [tta_listen_btn]

শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচীতে আব্দুল আউয়াল  ইসলামবিরোধী শিক্ষাব্যবস্থা বাতিল করতে হবে

শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচীতে আব্দুল আউয়াল  ইসলামবিরোধী শিক্ষাব্যবস্থা বাতিল করতে হবে

নিজস্ব সংবাদদাতা
শিক্ষা সিলেবাস বাতিল, জাতীয় পাঠ্যসূচিতে ইসলামী শিক্ষা সংকোচন এবং সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা পরিষদ। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। এরআগে এ কর্মসূচীকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ডিআইটি এলাকায় জড়ো হতে থাকেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল আউয়াল বলেন, ইসলামবিরোধী এ শিক্ষাব্যবস্থাকে বাতিল করতে হবে। আমরা এ শিক্ষা ব্যবস্থাকে মানি না। যদি বাতিল না করা হয় তাহলে আলেম সমাজ বসে থাকবে না। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি ফেরদাউসুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রহমত উল্লাহ বুখারী, মনোয়ার হোসেন ও কামাল উদ্দিন।বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, পাগল আগে থাকতো রাস্তায় এখন থাকে এসির তলে। আপনার বংশের পরিচয় আপনার ব্যবহারে। জাফর ইকবাল সাহেবরা মনে করে উনাদের পূর্ব পুরুষেরা বান্দর ছিলেন। বান্দর থাকে তো চিড়িয়াখানায়। আমরা বলবো, আপনি কিছু টাকা পয়সা উঠান, বড় একটা খাঁচা বানিয়ে বান্দরের গুষ্ঠি এখানেই দিবো। মানুষের সাথে বসবাস করার কোন অধিকার তাদের নাই। আমরা দাবি জানাই, এদের গ্রেফতার করে মানুষের সাথে না বান্দরের সাথে দিবেন। এই বান্দরের গুষ্ঠি আমরা রাজপথে-বাংলায় দেখতে চাই না। তিনি আরো বলেন, সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র আইভী, আপনাদের পূর্ব পুরুষ তো বান্দর ছিলো না। আপনারা আমাদের সাথে একমত আছেন তো? আসেন আমরা একসাথে আন্দোলন করি। আপনারা আমাদের সাথে আসতে চান না, কারণ আপনাদের মধ্যে দুর্বলতা আছে। বাংলার মানুষ একসাথে বসবাস করতে পারে না, আমরা বসবাস করতে চাই। আর বানরের বংশধরদের চিড়িয়াখানায় অনতিবিলম্বে পাঠানোর জোর দাবি জানাচ্ছি। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন। সকাল থেকেই ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়। মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এটা তাদের একটা সংক্ষিপ্ত কর্মসূচী ছিল। তারা স্বল্প পরিসরেই করেছেন। আমরা সেখানে ছিলাম যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com