Logo
HEL [tta_listen_btn]

বন্দরে ৪ চাঁদাবাজ গ্রেফতার

বন্দরে ৪ চাঁদাবাজ গ্রেফতার

বন্দর সংবাদদাতা
দৈনিক শীতলক্ষা পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলামকে রাস্তা থেকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ম্যানিব্যাগে থাকা নগদ ৭ হাজার ৫শ’ টাকা, ১টি মোবাইল সেট, ১টি হাতঘড়ি ও বিকাশের মাধ্যমে ২২ হাজার টাকা ছিনিয়ের নেয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো ৩ চাঁদাবাজ। পরে পুলিশ গ্রেফতারকৃত ৪ চাঁদাবাজদের কাছ থেকে ছিনতাই হওয়া হাতঘড়ি, মোবাইল সেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। রোববার (২৯ জানুয়ারি) রাত সোয়া ১০টা বন্দর থানার কবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো, সদর মডেল থানার এম সার্কেসস্থ শাহী মসজিদ এলাকার মৃত জালাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম সানি (৩২), একই এলাকার শহীদুল ইসলাম মিয়ার ছেলে সোয়াদ (২১), পাঠানটুলী এলাকার মৃত ওহিদুল্লাহ মিয়ার ছেলে রোমান (৩০) ও বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে লাবীব (১৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়, বন্দর ডিলারবাড়ি এলাকার সিয়াম (১৯) ও সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার সালাউদ্দিন (২৩)। এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম বাদি হয়ে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত ৪ চাঁদাবাজসহ ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত ৪ চাঁদাবাজকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার আলহাজ¦ আব্দুল ওহাব মিয়ার ছেলে সাংবাদিক মো. সাইফুল ইসলাম রোববার তার বোন জামাই জুয়েল এর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাত ১০টা ১৫ মিনিটে নবীগঞ্জ মাছ বাজারের সামনে আসলে উল্লেখিত চাঁদাবাজরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। পরে উল্লেখিতরা ভুক্তভোগী সাংবাদিককে বিভিন্ন ভয় দেখিয়ে অটোযোগে কদম রসুল দরগা শরীফের সামনে নিয়ে আটকে রাখে। পরে চাঁদাবাজরা তার সাথে থাকা নগদ ৭ হাজার ৫শ’ টাকা, ১টি ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট ও ১টি সাড়ে ৩ হাজার টাকা মূল্যের হাত ঘড়ি ছিনিয়ে নেয়। এছাড়াও চাঁদাবাজরা সাংবাদিককে আটক রেখে তার ব্যবহারকৃত মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহারকৃত মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা দাবি করে। ওই সময় সাংবাদিকের স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য তার বন্ধু দিপুর বিকাশ নাম্বর হতে ১০ হাজার টাকা এবং অন্য আরো একটি দোকান থেকে ৫ হাজার টাকা এবং সাংবাদিক সাইফুল ইসলামকে মারধর করে জোরপূর্বক বিকাশের পিন কোড আদায় করে তার বিকাশে থাকা আরো ৯ হাজার ৫শ’ টাকা সেন্ড করে নিয়ে যাওয়াসহ সর্বমোট ২২ হাজার টাকা আদায় করে নেয়। এসময় ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম বন্দর ফাঁড়ির টহলরত পুলিশ দেখে চিৎকার করলে টহলরত পুলিশ ধাওয়া করে রফিকুল ইসলাম রনি ও লাবীবসহ ৪ চাঁদাবাজকে গ্রেফতার করে। পরে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি হাত ঘড়ি, ১টি মোবাইলসেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, সাংবাদিককে মারধর করে টাকা পয়সা, মোবাইল সেট ও হাত ঘড়ি ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com