আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাটবল্টু চুরির অভিযোগে মাদ্রাসার ৩ শিক্ষার্থীর হাত বেঁধে বেধরক পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ ফেব্রæয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) সকালে মক্তব থেকে যাওয়ার পথে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাটবল্টু কুড়িয়ে নিয়ে খেলা করছিল। এসময় মেয়র তার লোকজন নিয়ে কুড়িয়ে পাওয়া ওই নাটবল্টু চুরির অভিযোগ দিয়ে তাদের ধরে এনে হাত বেঁধে দু’ঘন্টা আটক রেখে মারধর করে। একপর্যায়ে বায়েজিদের চাচা কালাম ও আলামিন শিশুদের পক্ষে আকুতি মিনতি করেও তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। আশপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। বায়েজিদের পিতা জাহাঙ্গীর বলেন, কোন কারণ ছাড়াই আমার ছেলেসহ ৩ শিশুকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি। এ ব্যপারে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার ঘটনা নিশ্চিত করে জানান, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে, তাই তাদের চুল কেটে দিয়েছি। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।