দেশের আলো ডেক্স
নেত্রকোনা গণগ্রন্থাগারের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা গণগ্রন্থাগারের উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা গণগ্রন্থাগারের সহ-সভাপতি মো. আবদুল হান্নান রঞ্জন এবং পরিচালনা করেন, সংস্কৃতিকর্মী চিন্ময় তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান। শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার তার বক্তব্যে বলেন, বই আমাদের মনের খোরাক জোগায়। চিন্তাচেতনার বিস্তৃত করে। বই আমাদের মানবিক করে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। যিনি যত বই পড়েন, তিনি তত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল হন। বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। তিনি আরও বলেন, মানুষের ভাবনার বহিঃপ্রকাশের চিরায়ত মাধ্যমই হচ্ছে বই। বই মানুষের ভাবনাকে ঋদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জানাহান চৌধুরী বলেন, বই পড়ার প্রতি এখন আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু যত প্রযুক্তির আসুক, বই পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারবে না। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহম্মেদ, ছড়াকার শ্যামলেন্দু পাল, প্রাবন্ধিক স্বপন পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।
বইমেলার আয়োজকরা জানান, ৭ দিনব্যাপী মেলায় অন্তত ১৮টি বইয়ের দোকান বসেছে। এছাড়াও প্রতিদিন বিকেল থেকে রাত পযন্ত প্রবন্ধ পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।