নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি চাই, যাতে আমার মৃত্যুটা আপনাদের জন্য কাজ করতে করতে হয়। কেননা দুনিয়াতে মানুষের সেবা করার চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতার মরোণত্তর পদকে ভূষিত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তবকালে তিনি একথা বলেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সোমবার (২০ ফেব্রæয়ারি) বাদ আছর উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপার এলাকার মসজিদে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি তার পিতার রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া ভিক্ষা করেন। সকলের কাছে দোয়া চেয়ে শামীম ওসমান বলেন, আমরা কেউই এই দুনিয়ায় থাকবো না, সকলকে একদিন চলে যেতে হবে। তবে, যতদিন বেঁচে আছি ভালো কাজ করে যেতে চাই। আমার মা মৃত্যুর পূর্বে আমাদের বলে গিয়েছিলো যে, আমরা যাতে তাদের দু-জনের (মা-বাবা) মৃত্যুবার্ষিকী এক সাথে পালন করি। আপনারা সকলে আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। তিনি বলেন, আমার পিতা দেশের অন্যতম ধনী পরিবারে জন্মগ্রহণ করেও আমাদের জন্য কিছুই রেখে যাননি। যার জন্য আমরা গর্ববোধ করি। আমরা প্রত্যেকে নিজের মা-বাবার দোয়ার কারণেই নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও চাই, যাতে আমার মৃত্যুটাও আপনাদের জন্য কাজ করতে করতে হয়। কেননা দুনিয়াতে মানুষের সেবা করার চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। সংক্ষিপ্ত বক্তব্যের পর দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুইয়া, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান, ইয়ার্ন মার্চেন্ড এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ও মরহুমের নাতি ইমতিনান ওসমান অয়নসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।